তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, গণমাধ্যম যতো বেশি স্বাধীন থাকবে, দায়িত্বশীল থাকবে, সরকার ততোবেশি জবাবদিহিতার মধ্যে থাকবে। আমাদের সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে থাকতে চায়। আমরা জনগনের কাছে যে ওয়াদা দিয়েছি, তা বাস্তবায়ন করতে চাই। আমাদের মধ্যে কোন দুরভিসন্ধি নাই, দ্বৈত চরিত্র নাই। আমরা একই রকম কথা বলি, একই রকম চিন্তা করি, একই কাজ করি এবং তা বাস্তবায়ন করি। সারাদেশের ন্যায় খাল খনন কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) বেলা এগারোটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজরিত বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খাল পূনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেছেন, সরকারের বয়স একমাস হয় নাই। আমাদের ভোটারদের ভোটের কালির দাগ এখনো শুকায়নি। কিন্তু আমাদের দেওয়া পাঁচটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বাস্তবায়ন করেছি। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বন্টন করা হয়েছে, কৃষক কার্ড বন্টনের জন্য প্রস্তুতি চলছে, কৃষিঋণ মওকুফ করা হয়েছে, ইমামদের ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে, আজকে খাল খননের উদ্বোধনের মধ্যদিয়ে খাল খনন কাজ শুরু হয়ে গেলো। আমি মন্ত্রী হিসেবে সরকারের এই তৎপরতার একটা বিবরণ ঈদের পরপরই সমস্ত গণমাধ্যমকে ডেকে জাতিকে অবহিত করবো। তথ্যমন্ত্রী বলেছেন, কৃষি বিপ্লব ও জলাদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্পের ফলে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং ভূ-পরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, যা জাতীয় খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেছেন, আমি স্মরণ করিয়ে দিতে চাই, বিগত সরকারের সাথে তারেক রহমানের পার্থক্য এখানেই, তারেক রহমান যা বলেন তা তিনি মিন করেন এবং প্রচলিত রাজনীতিবিদদের মতো কথার কথা তিনি বলেন না। ইতোমধ্যে পাঁচটি প্রতিশ্রুতিকে বাস্তবায়নের মধ্যদিয়ে তিনি তা প্রমান করে দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছেন আমাদের এই তৎপরতাকে জনগনের সামনে তুলে ধরার জন্য গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতার ব্যবস্থা করতে হবে। বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলার নবাগত পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, বিএডিসি’র বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. জামাল উদ্দিন ফকির, বিএডিসির উপসহকারী প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএডিসির প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আওতায় প্রায় ৪৫ বছর আগে কৃষি উন্নয়নের লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালটি খনন করা হয়েছিল। ওইসময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজহাতে এ খাল খনন কাজের উদ্বোধণ করেছিলেন। দীর্ঘসময় অতিক্রান্ত হওয়ায় খালটি তার কার্যকারিতা হারিয়ে ফেলে। ফলে শুস্ক মৌসুমে খালের পাড়ে প্রায় এক হাজার হেক্টর জমির চাষাবাদ বন্ধ হয়ে যায়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় অবশেষে কুতুবপুর স্ব-নির্ভর খালের পুনঃখনন কাজের উদ্বোধণ করা হয়। খালটির দৈর্ঘ্য ৫ কিলোমিটার, যারমধ্যে প্রথম পর্যায়ে ২ কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সম্পূর্ণ অংশ পুনঃখনন করা হবে। খালটি পুনঃখনন সম্পন্ন হলে ওই এলাকার কৃষি জমি সেচ ও পানি নিষ্কাশন সুবিধার আওতায় আসবে, যা স্থানীয় কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে জানিয়েছেন বিএডিসির উপসহকারী প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী।