জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আঙুলের কালির ছাপ শুকানোর আগেই প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কাজ শুরু করেছেন। খাল খনন কর্মসূচির পাশাপাশি দেশে ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হয়েছে, মসজিদসহ অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি ভাতা প্রদান করা হচ্ছে, কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে। কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে, এটির মাধ্যমে তারা সুদমুক্ত ঋণ পাবেন। তিনি সোমবার দুপুর দুইটায় বড়াইগ্রামের কুমরুল এলাকায় মির্জা মামুদ খাল খনন কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুমরুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীন কুমার গোস্বামী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আকবর বক্তব্য রাখেন। দুলু আরো বলেন, আপনারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা দেশের মানুষকে সুশাসন উপহার দিতে চাই। অতীতের অন্ধকার দু:শাসনে ফিরে যেতে চাই না। দেশে কোন মানুষ আর ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। উল্লেখ্য, বিএনপি’র নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দুই কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রাম থেকে কুমরুল হয়ে খোর্দ্দকাচুটিয়া পর্যন্ত খালের চার দশমিক ৮৫ কিলোমিটার পুন:খনন কাজ বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড।