র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল (১৬ মার্চ) রাতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,৬৪,০০০/-(তিন লক্ষ চৌষট্টি হাজার) টাকা মূল্যমানের ৯১ (একানব্বই) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মোঃ হারুন অর রশিদ স্বপন (৩২), পিতা-মৃত শফিকুল ইসলাম, সাং-দক্ষিণ পাড়া, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা এবং ২। মোঃ রবিউল (২২), পিতা-মৃত আবুল কালাম, সাং-হানারচর, থানা ও জেলা- চাঁদপুর বলে জানা যায়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।