মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার মাইলমারি গ্রামের ওই শিশু দুটির বাড়ির পাশে একটি ডোবার পানিতে ডুবে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো মাইলমারী গ্রামের আকাশ আলীর ছেলে ইউসুফ আলী (৪) ও তার প্রতিবেশী আব্বাস আলীর ছেলে আদিব হােসেন (৩)। স্থানীয়রা জানান, বেশ কিছু সময় আদিব আকাশ কে পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িতে সন্ধান করেও তাদেরকে পাওয়া যায়নি। পরে বাড়ির পিছনে একটি পানি ভর্তি ডোবা থেকে দুজনকে ভাসছে দেখে তাদেরকে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। শিশুদের স্বজনরা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে বাড়ির পাশে ইউসুফ ও আদিব খেলা খেলছিল অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে। জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ফারুক হোসেন জানান, শিশু দুটিকে হাসপাতালে নেওয়ার পূর্বে মারা গেছে। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন এ ব্যাপারে শিশু দুটি পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।