রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে বুধবার (২৫ মার্চ) র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা এবং একটি পিকআপ উদ্ধারপূর্বক মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ইউটার্নের নিকটবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে র্যাব সদস্যরা পিকআপ গাড়ির ভেতরে বিশেষ পদ্ধতিতে রাখা প্রায় ১৩,৫০,০০০/- (তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অবৈধ বাজার মূল্যের ৪৪ (চুয়াল্লিশ) কেজি গাঁজা উদ্ধারপূর্বক একজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম ১। মো: খোকন শরীফ (৪০), পিতা-মোঃ লাল মিয়া, সাং-১নং রোড, চাঁদ উদ্যান, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এ সময় মাদক বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১২-৩৭৭৬ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত পিকআপ গাড়িটি জব্দ করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।