ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আইডিয়াল একাডেমি কুন্ডা প্রাঙ্গণে আনন্দ ও উৎসবের আমেজে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,ঈদ পূর্ণমিলনী,পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া প্রতিভার স্বীকৃতি ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কুন্ডা আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাক, কান,গলা বিভাগে অধ্যাপক ডাঃ রোকন উদ্দিন ভূইঁয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি তার বক্তব্যে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুষম ও উন্নত চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শুধু বইয়ের জ্ঞান নয়, সামগ্রিক শিক্ষাই একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। প্রতিযোগিতামূলক এই আয়োজন তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব,দলগত কাজ ও শৃঙ্খলাবোধ তৈরি করে।”
আইডিয়াল একাডেমি কুন্ডার পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের গাইনী বিভাগের অধ্যাপক ডাঃ ফাতেমা জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন ভূইঁয়া,কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল হক,কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কনক ভূষণ রায়,কুন্ডা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মান্নান ঠাকুর,
ইউপি সদস্য মোহাম্মদ জজ মিয়া,শরীফুর ইসলাম ভূইঁয়া,হাজী অন্তর আলী, সাংস্কৃতিক কর্মী চন্দ্র শেখর কর্মকর্তা । এবি ব্যাংকের কর্মকর্তা সাদ্দাম হোসেন ভূইঁয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে একাডেমির প্লে থেকে পঞ্চম শ্রেণি পযর্ন্ত সকল শিক্ষার্থীদেরকে উৎসাহ স্বরূপ পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কার শিক্ষার্থীদের জন্য একটি বিরাট প্রেরণার উৎস। এছাড়াও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আইডিয়াল একাডেমির প্রশাসনিক কর্মকর্তা আবদুল সাত্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক কমিটি সকল অতিথি, পুরস্কার দাতা ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতেও এমন সৃজনশীল ও উদ্দীপনামূলক আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।