নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন, বিএনপি সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি’র অংশগ্রহণে কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতা এবং নারীদের বালিশ খেলাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও মেয়র নজরুল ইসলাম মোলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা স্বাধীনতার জন্য আত্মত্যাগী শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী হুমায়রা তাসনিম এর সভাপতিত্বে মহিলা ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এদিকে সকালে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু এর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, আনোয়ারুল হক, রফিকুল ইসলাম, ওয়ালিউর রহমান কিরণ, যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ অন্যান্য নেতাকর্মীরা।
অন্যদিকে দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে কোরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমামগণ।