ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের সনাতনীদের পবিত্র অষ্টমী স্নানোৎসব শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে খুরশিদ মহল ব্রিজ সংলগ্ন এলাকা এবং রৌহা স্নানঘাট সংলগ্ন এলাকায় সনাতনীদের এই স্নানোৎসব শুরু চলে দুপুর পর্যন্ত। সনাতনীরা পূজা-অর্চনার মধ্য দিয়ে নিজেদের পবিত্রতা ও সবার মঙ্গলের প্রত্যাশায় অষ্টমী স্নানে অংশ নেন। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে হাজারো পূণ্যার্থীদের ঢল নামে। হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতিতে নদের এই দুই স্থানটি এক মিলনমেলায় পরিণত হয়।
জলে নামার আগে কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছেন। কেউ দু’হাত জোড় করে দাঁড়িয়ে। আবার কেউ জলের ভেতরেই মাথা নত করে তর্পণ দিচ্ছেন পূর্বপুরুষদের উদ্দেশে। কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী, পাকুন্দিয়া, হোসেনপুর, নান্দাইল, ঈশ্বরগঞ্জসহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার পূণ্যার্থীর সমাগম ঘটে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে। নদের গভীর অংশে থেকে স্নানের স্থান আলাদার করার জন্য বাশ বেধে সীমানা করা হয়েছে। স্নানকারী লোকজন যাতে স্বচ্ছন্দে পোশাক পরিবর্তন করতে পারে তার জন্য কাপড়ের প্যান্ডেল করা হয়েছে।
অষ্টমীর স্নান উপলক্ষে প্রতিবছরের মতো এবারও খুরশিদ মহল ব্রিজ সংলগ্ন এলাকায় এবং পাশ্ববর্তী হোসেনপুরে বসেছে দিনব্যাপী মেলা। মেলায় নাড়ু, গজা, খাজা, সাজ-ঝুড়ি, জিলাপি, মিষ্টির দোকান ছাড়াও কাঠের আসবাবপত্রের দোকান সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খেলনার দোকানগুলোতে হিন্দুদের পাশাপাশি মুসলমানদের উপস্থিতি ও কেনাকাটা সমানতালে লক্ষ করা গেছে। কিশোরগঞ্জের সদর এলাকা থেকে আসা অমিত সরকার বলেন, ভগবানের কৃপা লাভ ও অতীতের সব মন্দ কাজ থেকে মুক্তির আশায় প্রতিবছর এই খুরশিদ মহল ব্রিজে নিচে আসি। বাবা-মার হাত ধরে প্রথম এখানে এসেছিলাম। এখন ৩৫ বছর ধরে আসছি। স্নানোৎসবে আমাদের একটাই চাওয়া-সবার মঙ্গল কামনা। পুণ্যার্থী দীপা পাল বলেন, এখানে হাজারো মানুষের ভিড়। স্নান শেষে কাপড় পরিবর্তনের জন্য পর্দাঘেরা আলাদা স্থান রয়েছে, ফলে সমস্যায় পড়তে হয়নি। ব্রহ্মপুত্র নদীর এই স্নানোৎসব আমাদের পুরনো ঐতিহ্য। গফরগাঁও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খিস্টান ঐক্য পরিষদ সভাপতি চিত্ররঞ্জন ঘোষ বলেন, সনাতন ধর্মের অন্যতম উৎসব অষ্টমী স্নান। পূণ্য লাভের আশায় স্নানোৎসবে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে অসংখ্য পূণ্যার্থীর সমাগম ঘটে। গফরগাঁও উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সাধারণ সম্পাদক মৃদুল সাহা চৌধুরী বলেন, সনাতনীদের পূণ্যস্নান, পূজা-অর্চনা ও অষ্টমীর মেলাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানের আনন্দময় আমেজ সবার মাঝে বিরাজ করছে। পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, পূণ্যস্নান ও অষ্টমীর মেলাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।