দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়া ঘাট উপজেলা এলাকায় আলুর বাজারদর কমে যাওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। বর্তমানে এক কেজি আলুর দাম এক কাপ চায়ের দামের চেয়েও কম-প্রতি কেজি ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। কৃষকদের অভিযোগ, প্রতি বিঘা জমিতে আলু চাষে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হলেও ফলন বিক্রি করে সেই খরচও তুলতে পারছেন না। অনেকেই পরিবার-পরিজন নিয়ে মাঠ থেকে আলু তুলছেন, যাতে শ্রমিক খরচ কিছুটা কমানো যায়। স্থানীয় কৃষকরা জানান, গত বছরের তুলনায় এবার ফলন ভালো হলেও বাজারদর কম থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অনেক ব্যবসায়ী আগাম অর্থ বিনিয়োগ করে আলু লোকসানে বিক্রি করছেন। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় উল্লেখযোগ্য পরিমাণ জমিতে আলুর আবাদ হয়েছে। তবে বাজারদর স্থিতিশীল না থাকায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। কৃষকদের দাবি-ন্যায্যমূল্য নিশ্চিত করতে দ্রুত সরকারি উদ্যোগ প্রয়োজন।