পত্নীতলায় মাধুরী রেস্টুরেন্টে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ০৩:৪০ পিএম
পত্নীতলায় মাধুরী রেস্টুরেন্টে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদ মানেই প্রিয়জন, পরিবার আর বন্ধু-বান্ধবের সাথে বেড়ানো। ঈদকে সামনে রেখে মানুষের পরিকল্পনা থাকে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো। আর সেটা যদি হয় নতুন কিছু তাহলেতো কোন কথাই নেই। এবারের পত্নীতলা উপজেলায় ঈদুল ফিতরে দর্শনার্থী আর ভোজন প্রিয়াসীদের জন্য নতুন আকর্ষণ হলো নজিপুরে চালু হওয়া 'বাঁশ মাধুরী' ক্যাফে এন্ড রেস্টেুরেন্ট। উপজেলার পৌর সদর নজিপুর-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের বিজিবি ক্যাম্পের পাশেই গড়ে উঠেছে 'বাঁশ মাধুরী'। নতুন এই রেষ্টুরেন্টকে ঘিরে যেন দর্শনার্থীদের আগ্রহের সীমা নেই। নারী-পুরুষ, যুবক-যুবতী, শিশু-কিশোর সকলের মুখে মুখেই যেন 'বাঁশ মাধুরী' ক্যাফে এন্ড রেস্টেুরেন্ট এর নাম। ঈদুল ফিতরের দিন থেকে শুরু করে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে 'বাঁশ মাধুরী' ক্যাফে এন্ড রেস্টেুরেন্ট। এখানে এসে কেউ ছবি তুলছেন আর কেউবা করছেন রসনা বিলাস। অনেকেই রাতের বাঁশ মাধুরীর সৌন্দর্য উপভোগ করার জন্য অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা।


২৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে 'বাঁশ মাধুরী' ক্যাফে এন্ড রেস্টেুরেন্ট গিয়ে দেখা গেছে. আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় ১০শতক জায়গার উপর বাঁশ ও কাঠের সমন্বয়ে সুনিপুণ ভাবে তৈরী করা হয়েছে 'বাঁশ মাধুরী' ক্যাফে এন্ড রেস্টেুরেন্ট। যেন কোন শিল্পীর দরদ দিয়ে আঁকা ছবি। রেস্টুরেন্টে উপরে এবং নীচে মিলে প্রায় শতাধিক মানুষের একসাথে বসার ব্যবস্থা রয়েছে। বাঁশের খুঁটির উপর নির্মিত এই স্থাপনায় রয়েছে কিচেন, বিল কাউন্টার, ওয়াশরুম, লাভ ও দোলনা পয়েন্টসহ রুচিসম্মত আলাদা আলাদা বসার জায়গা। যা সহজেই কোন মানুষকে আর্কষন করতে বাধ্য। 'বাঁশ মাধুরী' ক্যাফে এন্ড রেস্টেুরেন্টে শত শত মানুষের সমাগম ছিলো চোখে পড়ার মতো। দর্শনার্থীদের চাপ ও ভিড়ে ওয়েটারদের রীতিমতো হিমশীম খেতে হচ্ছিল। রেস্টুরেন্টে ঘুরতে আসা অনার্স পড়ুয়া শিক্ষার্থী মো. তানভির আহসান বলেন, মানুষের মুখে শুনে আমি'বাঁশ মাধুরী' দেখতে এসেছি। নজিপুরের মতো একটি মফস্বল শহরে এমন রেস্টুরেন্ট সত্যিই মুগ্ধ করার মতো। আমাকে বেশ ভালো লেগেছে। ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী মো. আবিদ রহমান বলেন, 'বাঁশ মাধুরী'র সৌন্দর্যের কথা শুনে আমি বাবার সাথে ঘুরতে এসেছি। এদের খাবারের মানও বেশ ভালো। সব দিক থেকে বেশ ভালো লাগলো। আরতি রাণী (ছদ্ম নাম) বলেন, প্রচুর মানুষের সমাগম হয়েছে। যা শুনেছিলাম বাস্তবে তার চেয়েও ভালো। সত্যিই মুগ্ধ করার মতো। 

এ বিষয়ে 'বাঁশ মাধুরী' ক্যাফে এন্ড রেস্টেুরেন্টের উদ্যোক্তা মো. আবু হাসান  জানান, তাঁর গ্রামের বাড়ি ফতেপুর গ্রামে। অনেকদিন ধরেই স্বপ্ন ছিলো এলাকায় নতুন একটা কিছু করার। এই চিন্তা থেকে চাচাতো ভাইয়ের নিকট থেকে ১০শতক জমি লীজ নিয়ে 'বাঁশ মাধুরী' ক্যাফে এন্ড রেস্টেুরেন্ট চালু করি। রেস্টুরেন্টে বর্তমানে ৮/১০জন মানুষ কাজ করছে। উদ্যোগের পিছনে এ পর্যন্ত প্রায় ২৭লক্ষ টাকা ব্যয় হয়েছে বলেও জানান এই তরুণ উদ্যোক্তা। রেস্টুরেন্টে দর্শনার্থীদের আগ্রহ দেখে তিনি আশার আলো দেখছেন বলেও জানান।

আপনার জেলার সংবাদ পড়তে