প্রাকৃতিক প্রজননের মাধ্যমে বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ কার্যক্রমের আওতায় যশোরের অভয়নগরে দেশীয় প্রজাতির মা মাছ (ব্রুড ফিস) ও খাবার বিতরণ করা হয়েছে। সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এ মাছ ও খাবার বিতরণ করা হয়। বিতরণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এসময় উপস্থিত ছিলেন সুফলভোগীদল শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী বাওড় মৎস্যজীবী সমিতির সভাপতি নওয়াব আলী সরদার, সুফলভোগীদল পায়রা ইউনিয়নের বারান্দী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম প্রমুখ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার জানান, ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতে অর্থায়নে সুফলভোগীদল হিসেবে ২টি মৎস্যজীবী সমিতিকে বিল নার্সারি স্থাপনের জন্য মা মাছ (ব্রুড ফিস) ও খাবার বিতরণ করা হয়েছে। একটি সুফলভোগীদলকে ১১ কেজি করে দেশীয় প্রজাতির মা কৈ মাছ, ৬ কেজি করে দেশীয় প্রজাতির মা শিং মাছ, এক বস্তা (৭৪ কেজি) করে সরিষার খৈল, ২৫ কেজি করে ফিস ফিড, ব্লু নেট ও ৫০ কেজি করে সাদা চুন দেওয়া হয়েছে।