কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এলাকায় পৃথক তিনটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোররাত থেকে সকাল পর্যন্ত সীমান্তের জামালপুর, চিলমারী ও বিলগাথুয়া বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানগুলো চালানো হয়। অভিযানে আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ২০ বোতল মদ, ৭০ বোতল ফেয়ারডিল সিরাপ, ৭৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৪ কেজি কারেন্ট জাল এবং ৪ লিটার অকটেন। জামালপুর বিওপির টহল দল রাত সোয়া ২টার দিকে কান্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ মিঠুন মন্ডল (৩৫) এবং শহীদ হোসেন (২৫) নামে দুই বাংলাদেশি চোরাকারবারিকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা। এছাড়া একই রাত সোয়া,১টার দিকে চিলমারী বিওপির অভিযানে গরুরা মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ কেজি কারেন্ট জাল ও ৪ লিটার অকটেন উদ্ধার করা হয়। অপরদিকে ভোর সাড়ে ৪টায় বিলগাথুয়া বিওপির একটি দল পূর্ব বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে আরও ১ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ফেয়ারডিল সিরাপ ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে আসছে। দেশের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।