কালিগঞ্জে পিস্তল ও ইয়াবাসহ কুখ্যাত ডাকাত গ্রেপ্তার

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০১:২৮ এএম
কালিগঞ্জে পিস্তল ও ইয়াবাসহ কুখ্যাত ডাকাত গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জে র‌্যাব ও পুলিশের এক যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর অন্যতম নেতা ইয়ার আলীকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযান চলাকালে ইয়ার আলীর কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে র‌্যাব ও পুলিশের একটি বিশেষ দল এই যৌথ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কৃষ্ণনগর ইউনিয়নের আলমগীরের বাড়িতে হানা দেয় বাহিনীটি। সেখান থেকেই কুখ্যাত ডাকাত ইয়ার আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইয়ার আলী ওই এলাকার জব্বার আলী তালুকদারের ছেলে। কালিগঞ্জ থানা পুলিশ জানায়, ইয়ার আলী ওই অঞ্চলের একটি সক্রিয় ডাকাত দলের অন্যতম শীর্ষ নেতা। তার বিরুদ্ধে এলাকায় একাধিক ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে সে পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। অভিযান শেষে এ রিপোর্ট লেখা পর্যন্ত জব্দ তালিকা প্রস্তুতের কাজ চলছিল। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে