নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার পারকোল ব্রিজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোয়ালমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি প্রাইভেট কারের চালক ছিলেন। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পারকোল এলাকায় ময়মনসিংহ থেকে চুয়াডাঙ্গাগামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ ২২৯২) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-৪৪৬৯) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারের চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় প্রাইভেট কারের একজন যাত্রী আহত হয়েছেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।