জন্মদিনে নতুন চমক, গিটার হাতে ‘রকস্টার’ শাকিব

এফএনএস বিনোদন | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ১২:২৯ পিএম
জন্মদিনে নতুন চমক, গিটার হাতে ‘রকস্টার’ শাকিব

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার ভিন্ন এক রূপে হাজির হচ্ছেন। নিজের জন্মদিন উপলক্ষে প্রকাশ করেছেন নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক, যেখানে তাকে দেখা গেছে এক রক মিউজিশিয়ানের চরিত্রে। শুধু অভিনয়ই নয়, এই চরিত্রের জন্য গিটার বাজানোও শিখেছেন তিনি।

২৮ মার্চ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির প্রথম লুক প্রকাশ করেন শাকিব খান। পোস্টারটি শেয়ার করে তিনি লেখেন, “প্রিয় দর্শকদের জন্য এটা আমার জন্মদিনের বিশেষ ট্রিট।” দীর্ঘদিন পর ভিন্নধর্মী চরিত্রে তাকে দেখে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

প্রকাশিত লুকে শাকিব খানকে দেখা গেছে একেবারে নতুন স্টাইলে। খোলা রাস্তায় বসে থাকা এই চরিত্রে তার মধ্যে ফুটে উঠেছে রুক্ষ ও বিদ্রোহী এক ব্যক্তিত্ব। স্লিভলেস কালো পোশাক, ছেঁড়া থ্রি কোয়ার্টার প্যান্ট, লাল স্নিকার্স, শরীরে ট্যাটু ও জটপাকানো চুলে তাকে বেশ ‘রাফ অ্যান্ড টাফ’ দেখাচ্ছে, যা ‘রকস্টার’ ইমেজকে আরও জোরালো করেছে।

প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রটি বাস্তবসম্মত করে তুলতে নিয়মিত গিটার অনুশীলন করেছেন বলে জানা গেছে। নির্মাতারাও গল্প ও নির্মাণে নতুনত্ব আনার চেষ্টা করছেন।

সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। তিনি জানান, “শাকিব খানকে এখানে একজন আধুনিক ট্রেন্ডি রকস্টারের ভূমিকায় দেখা যাবে, যিনি নিজেই গান লেখেন এবং সুর করেন। সেই ভাবনা থেকেই ক্যারেক্টারটি তৈরি করা হয়েছে।”

‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এছাড়া দ্বিতীয় নায়িকা হিসেবে রয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ খ্যাত তানজিয়া জামান মিথিলা। নতুন এই রূপে শাকিব খানকে দেখে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, অনেকেই মনে করছেন এই সিনেমার মাধ্যমে তিনি নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।