আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ০২:১৪ পিএম
আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি, সংগৃহিত

যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

আজ সোমবার সিআইডি পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপপরিদর্শক মো. আব্দুল হান্নান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, মো. মোয়াজ্জেম হোসেন উপদেষ্টার এপিএস হিসেবে দায়িত্বরত থাকাকালে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। অর্জিত এই অর্থ তিনি সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে মানিলন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন।

গত বছরের ২৪ মে একই আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে গত ২০ জানুয়ারি আবেদন করেছিলেন তিনি। তবে আদালত তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে