সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ০৭:৩৫ পিএম
সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে মা মুক্তা আক্তারকে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে মুরাদ হাসানের বিরুদ্ধে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ খবর পেয়ে সোমবার বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মুক্তা আক্তার উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া পশ্চিম পাড়া গ্রামের প্রবাসী আলহাজ্ব মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী আলহাজ্ব মিয়ার স্ত্রী মুক্তা আক্তার (৩৫) তার ছেলে মুরাদ হাসান ও শিশু কন্যা ইয়ামিনকে (৫) নিয়ে প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় মুরাদ হাসান তার মাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে মরদেহ ঘরের এক কোণে ঢেকে রাখে। পরে বাইরে থেকে ঘরে তালা ঝুলিয়ে দিয়ে ভোরবেলা ছোট বোন ইয়ামিনকে নিয়ে পালিয়ে যায়। ঘরে তালা দেখে বাড়ির লোকজন মুক্তাকে না পেয়ে তালা ভেঙে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ছেলেটা মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত।অনিয়মিত ছাত্র। মাদকের টাকা না পেয়ে সে তার মাকে হত্যা করেছে বলে আমাদের ধারণা। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘রাতের কোনো এক সময় মুরাদ তার মাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ লুকিয়ে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।’ তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় মুরাদ হাসানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে