তীব্র তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্ত জানিয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে এই নির্দেশনা কার্যকর হবে। একই দিন থেকেই এটি কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচারকদের ক্ষেত্রে কালো কোট ও গাউনের পরিবর্তে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করা যাবে। গাউন পরার আর কোনো বাধ্যবাধকতা নেই।
একইভাবে আইনজীবীদের পোশাকের নিয়মও শিথিল করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, তারা সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করতে পারবেন। তাদের ক্ষেত্রেও কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক নয়।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, চলমান তাপপ্রবাহের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বিচারক ও আইনজীবীরা স্বস্তিতে দায়িত্ব পালন করতে পারেন।