সারদায় ৪১তম ক্যাডেট এসআই এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

এফএনএস (মো: সজিব ইসলাম; চারঘাট, রাজশাহী) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ১১:১৯ এএম
সারদায় ৪১তম ক্যাডেট এসআই এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহীর চারঘাটের সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ৯ টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ। প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে ক্যাডেট এসআই ইজাজ আহম্মেদ হিমেল (পিএ-৪২৬) বেস্ট ক্যাডেট ও বেস্ট একাডেমিক, ওলিউল্লাহ (পিএ-২৪৬) বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ, শুভ বিশ্বাস (পিএ-২২৪) বেস্ট শুটার এবং মোঃ রায়হান (পিএ-৩৫৫) বেস্ট সুইমার হিসেবে পুরস্কৃত হন। একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই বর্ণাঢ্য কুচকাওয়াজে মোট ২০৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন পুলিশ কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে তাদের প্রধান দায়িত্ব। পাশাপাশি আধুনিক অপরাধ, বিশেষ করে সাইবার ক্রাইম মোকাবিলায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, মৌলিক প্রশিক্ষণ শেষে ২০৯ জন ক্যাডেট এসআই আগামী দুই বছর বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠ পর্যায়ের বাস্তব প্রশিক্ষণে নিয়োজিত হবেন।

আপনার জেলার সংবাদ পড়তে