বেনাপোল স্থলবন্দরে প্লেনশিট আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে শাহজাহান আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল হোসেন নামে আরো এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০ টার দিকে বন্দরের টিটিআই মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাবের ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দুইজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য। আহত সোহেল হোসেন জানান, রাতে স্থলবন্দরের টিটিআই মাঠে ক্রেনের সাহায্যে একটি বাংলাদেশি ট্রাকে লোহার ভারী প্লেনশিট আনলোড করা হচ্ছিল। এসময় যান্ত্রিক ত্রুটি ও অসাবধানতাবশত কয়েকটি আকস্মিক ক্রেনের তার ছিঁড়ে নিচে থাকা দুই শ্রমিকের শরীরের ওপর পড়ে। এসময় তারা দুজনই পিষ্ট হন। পরে সহকর্মীরা ফায়ার সার্ভিস কর্মীরাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই একজন ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। অপর জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম আহমেদ জানান, রাতে বন্দরের টিটিআই মাঠে ক্রেন দিয়ে একটি বাংলাদেশি ট্রাকে লোহার প্লেনশিট আনলোড করা হচ্ছিল। এসময় যান্ত্রিক ত্রুটি ও অসাবধানতাবশত আকস্মিক ক্রেনের তার ছিঁড়ে নিচে থাকা দুই শ্রমিকের শরীরের ওপর পড়ে। এদের মধ্যে শ্রমিক শাহজাহান আলীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর জনের অবস্থাও গুরুতর।