খুলনার পাইকগাছায় কপিলমুনি ইউনিয়নে পাট উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ৫ শতাধিক চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় অস্থায়ী ইউনিয়ন পরিষদ অফিসে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় বিতরণ করা হয়। কপিলমুনি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ আলী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, মোঃ ফরিজুল ইসলাম, কপিলমুনি পুলিশ ফাঁড়ি এএসআই মোঃ সোহরাব হোসেন, সাবেক ইউপি সচিব নারায়ণ চন্দ্র দাস, সমাজসেবক আব্দুল মজিদ, আফরোজা বেগম ও পল্লী চিকিৎসক রায়হান প্রমূখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কপিলমুনি ইউনিয়নে পাঁচ শতাধিক নির্বাচিত পাট চাষীকে পর্যায়ক্রমে প্রত্যেককে ১ কেজি করে উন্নত মানের পাট বীজ প্রদান করা হবে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পাট উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের মধ্যে আধুনিক পাট চাষ পদ্ধতি আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।