নেত্রকোনার কলমাকান্দায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”প্রতিপাদ্যকে সামনে রেখে কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। পরে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। বিজ্ঞানভিত্তিক বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা এবং শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন। একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চান মিয়া, ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর, মিতালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লুৎফুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।