যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে বাদ পড়ল ‘শেখ হাসিনা’ নাম, সংসদে সংশোধনী বিল পাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ১১:২৮ এএম
যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে বাদ পড়ল ‘শেখ হাসিনা’ নাম, সংসদে সংশোধনী বিল পাস

দেশের যুব উন্নয়ন খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়। এর ফলে ইনস্টিটিউটের নাম থেকে ‘শেখ হাসিনা’ অংশটি বাদ পড়ছে।

বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিলটি ভোটের জন্য উপস্থাপন করেন। কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় বিলটি পাস হয়।

এর আগে দেশের তরুণদের প্রশিক্ষণ ও শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল-২০১৮’ সংসদে পাস হয়েছিল। নতুন সংশোধনের মাধ্যমে সেই আইনের কাঠামো বহাল থাকলেও নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

একই দিনে জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর সংশোধনীও পাস হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে সরকারি কেনাকাটার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে এবং আগে জারি করা নিষেধাজ্ঞাগুলো আইনি ভিত্তি পেয়েছে।

এছাড়া এনার্জি রেগুলেটরি সংশোধন বিল-২০২৬ সংসদে উপস্থাপন করে তা-ও পাস করা হয়েছে। ফলে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ ব্যবস্থায়ও নতুন দিক উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে