সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ব্যবসায়ী জেবিনের

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ১১:৪১ এএম
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ব্যবসায়ী জেবিনের

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান চৌধুরী জেবিন (২৫) নামে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের শহীদ মিনার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেবিন সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম ঘোড়ামারা চৌধুরী বাড়ির বাসিন্দা এবং মৃত জসিমুর রহমান চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় স্ক্র্যাপ (পুরাতন জাহাজের পাইপ) ও টেলিকম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন জেবিন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ভাটিয়ারি শহীদ মিনার এলাকা অতিক্রমকালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি লরি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহতের স্বজন মো. কামরুল চৌধুরী জানান, জেবিন প্রতিদিন মোটরসাইকেল বা প্রাইভেটকারে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করতেন। দুর্ঘটনার দিন বৃষ্টির মধ্যেই মোটরসাইকেলে রওনা হয়ে পথে প্রাণ হারান তিনি। বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক লরিটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী জেবিনকে আঘাত করে। এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘাতক চালককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারেরও আহ্বান জানিয়েছেন তারা। জেবিন চৌধুরীর আকস্মিক মৃত্যুতে পরিবার, বন্ধু ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে