মুজিবনগরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৩:১৬ পিএম
মুজিবনগরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে বোর্ডিংয়ে থাকা এক শিশুকে নির্যাতনের (বলাৎকার) অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিন (২৫) কে থানা হেফাজতে নিয়েছে মুজিবনগর থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা সাহিদুর রহমান তার ১১ বছর বয়সী ছেলেকে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন। এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, মাদ্রাসার শিক্ষক নুর উদ্দিন তার ছেলেকে বিভিন্ন সময়ে গভীর রাতে কক্ষে নিয়ে গিয়ে নির্যাতন (বলাৎকার) করেছে। খবর পেয়ে তিনি দ্রুত মাদ্রাসায় ছুটে আসেন। পরে ছেলের সাথে কথা বলে, ঘটনার সত্যতা জানতে পারেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আরও কয়েকজন শিশুর সাথে একই ধরনের ঘটনার অভিযোগ উঠেছে বলে জানতে পারেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা মাদ্রাসা ঘেরাও করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে থানা হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্ত শিক্ষকের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে