কাহারোলে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৩:৪৮ পিএম
কাহারোলে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের ২২টি হাট-বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। সরকারি মূল্যের তোয়াক্কা না করে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। সিলিন্ডার ব্যবসায়ীরা নির্দ্ধারিত মূল্যের চেয়ে ৪ শত থেকে ৫ শত টাকা পর্যন্ত বেশী দামে বিক্রি করছে বলে অভিযোগ করছেন এলপিজি গ্যাস ব্যবহারকারী ভোক্তারা। জানা যায়, গত ২ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) এপ্রিল মাসের জন্য গ্যাসের সর্বোচ্চ দাম নির্দ্ধারন করেন ১ হাজার ৭ শত ২৮ টাকা। দাম বাড়ার অজুহাতে খুচরা ব্যবসায়ীরা প্রতিটি সিলিন্ডার গ্রাহকের কাছে বিক্রি করছে ২১ শত থেকে ২২ শত টাকা। গতকাল শুক্রবার ১০ মাইল বাজারে খুচরা বিক্রেতার সঙ্গে কথা হলে তিনি বলেন, ডিলারদের নিকট হতে বেশী দামে সিলিন্ডার ক্রয় করতে হচ্ছে। আমি প্রতি সিলিন্ডারে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করছি। নাম না প্রকাশ করার শর্তে এক খুচরা ব্যবসায়ী জানান, আগে ডিলাররা ১০-১২টি করে সিলিন্ডার দিত। এখন ৩/৪টি সিলিন্ডার দেন। দাম সরকারি নির্দ্ধারিত মূল্যের চেয়ে বেশি নেন। আমরা খুচরা ব্যবসায়ী অল্প লাভে ব্যবসা করি। ক্রেতা আমিনুল ইসলাম বলেন, ক্রেতাদের জিম্মি করে অবৈধভাবে এই গ্যাসের দাম বেশী নিচ্ছে ব্যবসায়ীরা। দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায় নাই।  কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সঙ্গে কথা হলে তিনি জানান, আমাদের বিভিন্ন অভিযান এবং মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে অতিরিক্ত দামে কেহ যদি এলপিজি সিলিন্ডার বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে