বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বহিষ্কারের পর বিশ্বববিদ্যালয়ের তিন স্টাফকে মারধর করে আহত করেছে এক পরিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে। আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বল। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত তিন স্টাফকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহিষ্কৃত ওই পরিক্ষার্থীর নাম আহনাফ আহমেদ। আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান বলেন, ওই পরীক্ষার্থীকে বহিষ্কারের পর সে উপস্থিত স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমিও সেখানে গিয়ে তাকে বাঁধা দেয়ার চেষ্টা করলে সে আমাকে মারধর করে। এতে আমার নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। এ ব্যাপারে ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে এসে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেয়ায় এক পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে ওই পরীক্ষার্থী আমাদের চারজন স্টাফকে মারধর করে। বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শাহাব উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে পরবর্তীতেতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।