পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চরম অমানবিক বলে অভিহিত করেছেন ইসলামী হকার্স শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর্যন্ত হকাররা ফুটপাতে হকারী করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে। একজন হকারের অধীনে তার পরিবারের ৫/৮জন মানুষ। হকার উচ্ছেদের ফলে হকাররা চরম অসহায় জীবন যাপন করছেন। এমতাবস্থায় তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা চরম অমানবিক কাজ। শনিবার সকালে ইসলামী হকার্সর আন্দোলনের এক প্রতিবাদ সভায় পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় হকার্স বিষয়ক সম্পাদক মো. ইমাম হোসেন ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন হকার্স শ্রমিক আন্দোলনের সভাপতি মো. গোলাম সারোয়ার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল করীম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মো. আজহারুল ইসলাম, মো. মোশারফ হোসাইন, আরিফ হোসেন, মুফতী আবুল হাসান জমীরি, ইঞ্জিনিয়ার নান্নু মোল্লা, মো. মোকলেসুর রহমান, ফজলুল হক, আব্দুর রব। ইসলামী হকার্স আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, কোন মানুষই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারী করতে চায় না। একান্ত নিরুপায় হয়েই তারা হকারীর পথ বেছে নিয়েছে। এমতাবস্থায় তাদেরকে অমানবিকতার দিকে ঠেলে দেওয়া উচিত হবে না। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। হকারদের বাঁচতে দিন, তাদের হকারী করার সুযোগ করে দিন।