ভালুকায় সাহায্যের প্রলোভনে সিম তুলে নিলো প্রতারক

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) :
| আপডেট: ১১ এপ্রিল, ২০২৬, ১০:৫৩ পিএম | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ১০:৫৩ পিএম
ভালুকায় সাহায্যের প্রলোভনে সিম তুলে নিলো প্রতারক

ময়মনসিংহের ভালুকায় সাহায্য দেয়ার প্রলোভনে মো. জালাল উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির নামে সিম তুলে নিয়েছে দুই প্রতারক। গত শুক্রবার উপজেলার গোয়ারী গ্রামে প্রতারণার ওই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় জিডি (নম্বর ৬৪১) করা হয়েছে।  স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে জালাল উদ্দিন। অন্যের বাড়ির কাজ করে সংসার চালায়। গত শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জালাল নিজ বাড়ির আঙ্গিনায় কাজ করছিলেন। ওই সময় মোটরসাইকেলে আসা অপরিচিত দুই ব্যক্তি তার সাথে কথা বলে তাকে সাহায্য দেয়ার অশ্বাস দিয়ে তার আইডি কার্ডের ফটোকপি দিতে বলে। জালাল উদ্দিন বাড়ি থেকে তার আইডি কার্ড নিয়ে আসেন। প্রতারক দুইজন তাদের মোবাইলে জালাল উদ্দিনের আইডি কার্ডের ছবি তুলে এবং জালালকে মোটরসাইকেলে করে ভালুকা সদরে নিয়ে যায়। ফুটপাতের একটি দোকান থেকে তারা জালাল উদ্দিনের আইডি এবং আঙ্গুলের ছাপ ব্যবহার করে একটি সিম (রবি) তুলে নিয়ে যায়।  জালাল উদ্দিন বলেন, ‘আমি গরিব মানুষ তারা আমাকে সাহায়্য দেয়ার কথা বলে আমার আইডি কার্ডসহ আমাবে মটরসাইকেলে তুলে ভালুকা সদরে নিয়ে যায়। পরে, আমার আইডি কার্ড ও অঙ্গুলের ছাপ নিয়ে রবি সিম তুলে নেয়। পরে আমাকে ফেলে রেখে তারা পালিয়ে যায়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ওই ঘটনায় জিডি করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে