১৪ মে প্রকাশ হচ্ছে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৩:১৯ পিএম
১৪ মে প্রকাশ হচ্ছে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা

হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন, এতে নতুন নিবন্ধিত ভোটারদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (১২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারাই এই তালিকায় যুক্ত হবেন। এ ক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করা ব্যক্তিদের তথ্যই চূড়ান্ত তালিকায় স্থান পাবে।

ভোটার তালিকা হালনাগাদের এই প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর তালিকায় ভুল সংশোধন, নতুন নাম অন্তর্ভুক্তি বা স্থানান্তরের আবেদন করা যাবে ৩ মে পর্যন্ত। এসব আবেদন ৬ মে’র মধ্যে নিষ্পত্তি করা হবে এবং সব প্রক্রিয়া শেষে ১৪ মে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি মৃত বা অযোগ্য ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। ফলে একটি আরও নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা নিশ্চিত করা সম্ভব হবে।

এছাড়া খসড়া তালিকা প্রকাশের পর তা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে, যাতে নাগরিকরা নিজেদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন অফিসগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে ভোটারের সংখ্যা ছিল প্রায় ১৩ কোটির কাছাকাছি। এর আগে প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও এবার আইন সংশোধনের মাধ্যমে সুবিধাজনক সময়ে তা প্রকাশের সুযোগ রাখা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে