পিরোজপুরের জিয়ানগরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পান্তা ভাতের সাথে ইলিশের পরিবর্তে দেওয়া হল কোরাল পাঙ্গাস মাছ।
এই ব্যতিক্রমী আয়োজনে উপজেলা প্রশাসন ভাসছে ব্যাপক প্রশংসায়। উপজেলা পরিষদের পুকুরে পাওয়া বড় বড় কোরাল পাঙ্গাস দিয়েই পহেলা বৈশাখে খাবার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। এলাকাবাসী এই আনন্দ আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে।
মঙ্গলবার (১৪এপ্রিল পহেলা বৈশাখ) সকাল আট টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মাধ্যমে পহেলা বৈশাখ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
পরে উপজেলা চত্বর থেকে ইন্দুরকানী সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাস পর্যন্ত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পহেলা বৈশাখ অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা বাঙালির ঐতিহ্য ও বাঙালিয়ানাকে বুকে ধারণ করে পহেলা বৈশাখ পালন করছি। এই অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগিতা পাচ্ছি। এমন সুন্দর অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত।
ইলিশের পরিবর্তে কোড়াল পাঙ্গাস এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা সরকারি নিয়ম মেনে অবরোধের কারণে নদীতে সাগরে নৌকা ট্রলার বন্ধ রাখতে বলেছি এজন্য ইলিশের সরবরাহ নাই। এলাকার জনগণের কথা মাথায় রেখে আমরা উপজেলার পুকুরে জাল টেনে মাছ ধরেছি। সেখানে কোরাল পাঙ্গাস সহ কিছু দেশী প্রজাতির মাছ ধরতে পেরেছি। এই মাছের সাথে আরো কিছু মাছ বাজার থেকে ক্রয় করে সকলকে খাওয়ানো হয়েছে।