পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাধীন চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে অবস্থিত ছয়টি ইট ভাটায় এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।
ইট পোড়ানোর কাজে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার এবং প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই ইটভাটা স্থাপনের অভিযোগে এ জরিমান করা হয়।
জানা যায়, ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের নেতৃত্বে অভিযান কালে কে বি আই, এন বি আই এবং আলামিন ব্রিকসের মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে তিন লাখ টাকা করে মোট তিনটি প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর-এর কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্য এবং পুলিশের একটি বিশেষ টিম।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।