রাজশাহীতে শিশু আদিব হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬, ০২:২৫ পিএম
রাজশাহীতে শিশু আদিব হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি
রাজশাহীর পবা উপজেলার বিলধরমপুরে ১১ বছর বয়সী শিশু আদিব আহনাবকে শ্বাসরোধ করে হত্যা মামলার আসামিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিহত শিশুর বাবা কান্নায় ভেঙে পড়ে মুস্তাফিজুর রহমান রানা বলেন, গত ১ মার্চ তারাবির নামাজ পড়তে গিয়ে আদিব নিখোঁজ হয়। পরদিন বাড়ির পাশের একটি ঘাস খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হলেও ঘটনার প্রায় দুই মাস পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এতে পরিবারের লোকজন হতাশ হয়ে পড়ছেন। মানববন্ধনে অন্য বক্তারা বলেন, একটি শিশুকে নৃশংসভাবে হত্যার পরও দীর্ঘ সময় ধরে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তারা তদন্ত জোরদার করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।মানববন্ধনে নিহত শিশুর মামা মুকসেদ আলী, এলাকার বাসিন্দা রুবেল হোসেন, মো. শাকিল, মো. কামরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে