নাটোরের লালপুর উপজেলায় রেলওয়ে ব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের আঙ্গারীপাড়া এলাকার ২১৪ নম্বর রেলওয়ে ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী মোছা. শরিফা বেগম (৪৪)। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা গ্রামের বাসিন্দা মো. সদ্দি মাহমুদ ও মোছা. এলিজা বেগমের মেয়ে। দুর্ঘটনার পর তার পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শরিফা বেগম পায়ে হেঁটে রেলওয়ে ব্রিজটি পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগতিতে একটি ট্রেন ব্রিজের দিকে এগিয়ে আসতে দেখে তিনি দ্রুত নিচে নামার চেষ্টা করেন। কিন্তু নিরাপদ স্থানে সরে যেতে না পেরে আত্মরক্ষার শেষ প্রচেষ্টা হিসেবে সেতুর স্লিপারের নিচে আশ্রয় নেন। দুর্ভাগ্যজনকভাবে ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জানান, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিচয় শনাক্ত করা হয় এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। স্বজনরা পৌঁছানোর পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।