রাজশাহীর পুঠিয়া উপজেলায় নেশার টাকা না মাদক সেবনকারীর প্রকাশ্যে ছুরিকাঘাতে মামুনুর রশিদ জুয়েল (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে হত্যা করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার সময় উপজেলার কাউন্সিল বাজারে নিজ দোকানে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেছিলেন। এসময় কাঁঠাল বাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে মাইনুল ইসলাম (২৫) দোকানে প্রবেশ করে টাকা দাবি করে। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের জন্য ওই টাকা চাওয়া হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ধস্তা ধস্তিতে রূপ নেয়। ওই সময় মাদক সেবনকারী মাইনুল উত্তেজিত হয়ে তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জুয়েল মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং মারধর করে কাউন্সিল বাজারের একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, স্থানীয়রা আসামিকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। আমরা তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছি এবং জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।