ভোলার দৌলতখানে মেঘনায় দুমাস মাছ ধরা নিষিদ্ধ সময়ের কর্মহীন জেলেদের সরকারি বরাদ্দকৃত চাল কম দেয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১৯ এপ্রিল) মেঘনার গর্ভে বিলীন হাজিপুর ইউনিয়নের কার্ড ধারি জেলেদের মধ্যে ৮০ কেজি করে চাল বিতরণ করার সরকারি নির্দেশনা থাকলেও সেক্ষেত্রে প্রতিজন জেলেকে ৫০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। হাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের জেলে হাবিবুল্লাহ, ইমরান, বাবুল, মনির, বসির, কামাল, ৮ নং ওয়ার্ডের জেলে নুরুজ্জামান, ৩ নং ওয়ার্ডের আব্দুল জব্বার জানান, প্রতিজন জেলেকে ৫০ কেজির হুক লাগানো ছেড়া বস্তার ১বস্তা করে চাল বিতরণ করা হয়েছে। জেলেদের এসব অভিযোগ অস্বীকার করে হাজীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুর বেগম জানান, আমি মহিলা মানুষ। চাল বিতনের জন্য সাবেক চেয়ারম্যান ফারুক তালুকদার ও পরিষদের সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা ৭৫ কেজি করে চাল দিয়েছে। ব্যাপারে সচিব মোঃ ইব্রাহিমকে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান আমার দেশকে জানান, গাজীপুর ইউনিয়নের ৪৪২ জন জেলের জন্য ৮০ কেজি করে ৩৫. ৩৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।