সৌদি আরবে থাকা শর্ত পূরণকারী রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৪:২৩ পিএম
সৌদি আরবে থাকা শর্ত পূরণকারী রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরবে অবস্থানরত মিয়ানমারের যেসব নাগরিকের বাংলাদেশি নথিপত্র রয়েছে বা নির্ধারিত শর্ত পূরণ করেছেন, তাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর বিষয়টি গুরুত্ব পায়। রাষ্ট্রদূত ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে এবং বাকি প্রক্রিয়া দ্রুত শেষ করতে বিশেষ টিম পাঠানো হয়েছে।

বৈঠকে আরও জানানো হয়, সৌদি আরব থেকে মিয়ানমারের নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা নিয়ে তা পুনরায় যাচাই-বাছাই করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, “যেসব মিয়ানমার নাগরিকের বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে বা যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান করতে হবে।” একই সঙ্গে এই প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

বৈঠকের আলোচনায় দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু ছাড়াও জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয় উঠে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, “জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।” এসব খাতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির আহ্বানও জানান তিনি।

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। এর জবাবে সালাহউদ্দিন আহমদ আগামী জুলাই মাসের শুরুতে সফরের আগ্রহ প্রকাশ করেন।