ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক্টরের সঙ্গে মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, গৃহবধূ রাবিয়া খাতুন (৬০) ও দেড় বছর বয়সী শিশু তৌফিক। কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, একটি যাত্রীবাহী মাহেন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রাটি দুমড়েমড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ নারীর মৃত্যু হয়। এদিকে, দুর্ঘটনার সাথে সাথে ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে, দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সানোয়ার হোসেন বলেন, একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ছেলে শিশুটির বয়স ১৮ মাস। দুর্ঘটনায় শিশুর মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।