বাগমারায় প্রতিবেশীর কোলে থাকা ৭ মাসের শিশুকে নিয়ে উধাও গৃহবধূ

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ১১:০২ এএম
বাগমারায় প্রতিবেশীর কোলে থাকা ৭ মাসের শিশুকে নিয়ে উধাও গৃহবধূ
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামে প্রতিবেশীর কোলে থাকা ৭ মাস বয়সী এক কন্যাশিশুকে নিয়ে উধাও হয়েছেন এক গৃহবধূ। বুধবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। নিখোঁজ শিশুটির নাম জুবাইদা আক্তার (৭ মাস)। সে একই এলাকার জাহিদ হাসানের একমাত্র মেয়ে। শিশুটিকে নিয়ে যাওয়া গৃহবধূর নাম শিউলী বেগম (৩৫)। তিনি একই গ্রামের বিদ্যুৎ হোসেনের স্ত্রী এবং তার বাবার বাড়ি নাটোর জেলায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও প্রতিবেশী শিউলী বেগম জাহিদ হাসানের বাড়িতে এসে শিশুটিকে কোলে নিয়ে আদর করছিলেন। একপর্যায়ে তিনি শিশুটিকে নিয়ে নিজের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফিরে না আসায় সন্দেহ দেখা দেয় পরিবারের সদস্যদের মধ্যে। পরে শিশুটির মা সুরাইয়া আক্তার ইতি মেয়েকে আনতে শিউলী বেগমের বাড়িতে গেলে তাকে সেখানে পাওয়া যায়নি। এরপর আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। কোনো খোঁজ না পেয়ে সিএনজি স্ট্যান্ড ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়। তাতেও কোনো তথ্য না মেলায় বিষয়টি থানায় জানানো হয়। নিখোঁজ শিশুটির মা সুরাইয়া আক্তার ইতি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “প্রতিবেশী হিসেবে সে প্রায়ই আমার মেয়েকে কোলে নিয়ে আদর করত। কী কারণে এভাবে নিয়ে গেল বুঝতে পারছি না। আমি আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই।” শিশুটির বাবা জাহিদ হাসান, যিনি একজন দোকান কর্মচারী, অভিযোগ করে বলেন, থানায় গেলে ওসি উপস্থিত না থাকায় জিডি বা অভিযোগ নেওয়া হয়নি। তবে এ বিষয়ে থানার এক কর্তব্যরত কর্মকর্তা মুঠোফোনে জানান, পুলিশই পরিবারকে থানায় এসে যোগাযোগ করতে বলেছে, তবে বিকেল তিনটা পর্যন্ত তারা থানায় যায়নি। তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি। প্রতিবেশীরা জানান, শিউলী বেগমের ১০ ও ৫ বছর বয়সী দুই সন্তান রয়েছে। তিনি একসময় স্বামী-সন্তানসহ ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। প্রায় দেড় মাস আগে তিনি সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন, তবে তার স্বামী বিদ্যুৎ হোসেন ঢাকাতেই অবস্থান করছেন। সাম্প্রতিক সময়ে তার আচরণ কিছুটা অস্বাভাবিক বলে মনে হয়েছে বলেও জানান স্থানীয়রা। ঘটনার সময় তিনি নিজের মোবাইল ফোন বাড়িতে রেখে যান। ঘটনার পর দুপুরে শিশুটির বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্নাকাটিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন বাবা-মা। এ বিষয়ে গৃহবধূর স্বামী বিদ্যুৎ হোসেন মুঠোফোনে জানান, “আমি গাজীপুরে আছি। সকালে ঘটনাটি শুনেছি। কীভাবে কী হলো বুঝতে পারছি না। আমি বাড়ির দিকে রওনা হয়েছি।” স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এবং শিশুটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে