ডমেস্টিক ক্রিকেটটা আমাদের পুরো ক্রিকেটের প্রাণ : মোসাদ্দেক

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:৫৭ পিএম
ডমেস্টিক ক্রিকেটটা আমাদের পুরো ক্রিকেটের প্রাণ : মোসাদ্দেক

বিসিএল লাল বলের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। গতকাল শুক্রবার সিলেটে সেন্ট্রাল জোনের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতেছে ইস্ট জোন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন সেন্ট্রাল জোনের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। জানান ঘরোয়া টুর্নামেন্টের গুরুত্বের কথা। মোসাদ্দেক বলেন, ‘ডমেস্টিক ক্রিকেটটা আমাদের পুরো ক্রিকেটের প্রাণ। এখান থেকে যারা ন্যাশনাল টিমে খেলে না, তাদের জন্য খুবই কঠিন হয়ে যায় তাদের পারিবারিক বা সাংসারিক জীবন যাপন করতে আসলে। তো সেই জায়গা থেকে যদি এরকম উদ্যোগ সবসময় নেওয়া হয় এবং সঠিক সময়ে খেলাগুলো হয়, একই সাথে যেমন পারফর্মাররা আসবে একই সাথে প্লেয়াররাও মানে আপনার মাঠে থাকবে সবসময়, তাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে।’ পরে ঘরোয়াতে বেতন বাড়ানো নিয়ে মোসাদ্দেক বলেন, ‘একই সাথে যখন আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ম্যাচ ফি থেকে শুরু করে বেতন বৃদ্ধি করবেন, ওই সময় আপনি আরও অনেক ক্রিকেটারকে পাবেন যারা কিনা আরও উৎসাহ নিয়ে এই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে চাইবে। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ আমার কাছে মনে হয়।’ তিনি আরও বলেন, ‘আপনি সব ক্রিকেটারের কথা চিন্তা করেন, অবশ্যই খুবই ভালো একটা উদ্যোগ। এটা আপনি অন্যান্য দেশের সাথে তুলনা করতে গেলে আপনি দেখতে পারবেন যে ওই জায়গা থেকে আমাদের সাথে পার্থক্যটা অনেক বেশি থাকে সবসময়। সেই জায়গা থেকে একটা শূন্যতা পূরণ করার একটা প্রচেষ্টা। তো সেটা হয়তোবা দিনে দিনে বাড়তে থাকবে আমি আশা করব।’ আসন্ন ঢাকা লিগে নিজের খেলা নিয়ে মোসাদ্দেক বলেন, ‘আমি আমার পুরো ক্যারিয়ারটাই আবাহনীর জন্যই খেলেছি। সবসময় মানে আমরা ওই চ্যাম্পিয়ন রানার আপের মধ্যেই ছিলাম। তো এবারও তার ব্যতিক্রম না, আমরা ওই মানসিকতাতেই আছি যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই এবং আমাদের দলও মাশাআল্লাহ খুবই ভালো। তো আমরা আশাই করতে পারি যে আমরা একটা ভালো ফলাফল করব প্রিমিয়ার লিগে।’