চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে রাজরাজেশ্বরের প্রতিটি ওয়ার্ড হবে এক একটি পর্যটন কেন্দ্র।কারণ এই এলাকাটি অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা। গত দু'মাস আগে ১২ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধান এই রাজরাজেশ্বর হয়েছে। এই এলাকার মানুষ আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছে। কাজেই এই স্কুলের অনুষ্ঠানে ইউএনও সাহেব যখন আমাকে দাওয়াত দিয়েছেন আমি এক সেকেন্ডও দেরি করি নাই।
এই এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করব। শনিবার(২৫ এপ্রিল,২০২৬) চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,এই এলাকার নদী ভাঙ্গন এলাকা।এই নদী ভাঙ্গন কিভাবে আটকানো যায়, সেইভাবে আমরা চেষ্টা করব।তার আগে আমরা চেষ্টা করব, যেখানে জাতির মেরুদন্ড তৈরি হয় এই স্কুল এবং শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষা পায়, তার জন্য যা যা করা করণীয় আমি তা করবো।
আমি প্রত্যাশা রাখছি তোমরা আগামী দিনে সবচেয়ে ভালো রেজাল্ট করবে। বিদ্যালয়ের কারিগরি শিক্ষা সহ অন্যান্য উন্নয়নের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান দিবো।
শেখ ফরিদ আহমেদ মানিক এমপি আরো বলেন, মন ভালো রাখার জন্য খেলাধুলা করতে হবে, সাংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকতে হবে। বিদ্যালয়ের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামিউল হিকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি,রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজী,সাধারণ সম্পাদক হাশেম চোকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার,রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি হানিফ বন্দুকশী,বিএনপি নেতা জয়নাল আবেদীন বেপারী,সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য হাশেম চোকদার,বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রমজান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সফি উল্লাহ সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুন হোসেন পাটওয়ারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মহিউদ্দিন। এমপি নির্বাচিত হবার পর রাজরাজেশ্বর শেখ ফরিদ আহমেদ মানিকের এটাই প্রথম সফর। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ছাত্র-শিক্ষক অভিভাবক এবং দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা স্বাগত জানান। আলোচনা শেষে ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়া সদর ইউএনও'র পক্ষ থেকে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চারটি ফুটবল উপহার হিসেবে তুলে দেন প্রধান অতিথি। এই অনুষ্ঠান শেষে শেখ ফরিদ আহমেদ মানিকএমপি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় বন্দুকশী বাজারে যান এবং বিএনপি নেতা জয়নাল আবেদীন বেপারীর মায়ের চেহলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজরাজেশ্বর সফর শেষে তিনি স্পিড বোটযোগে মেঘনা নদী পাড়ি দিয়ে চাঁদপুর চলে আসেন।চলমান জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য তাঁর ঢাকায় চলে যাবার কথা রয়েছে।