নাটোরের লালপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারাবাহিক অভিযানে এলাকায় মাদক কারবারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। লালপুর থানা সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মোঃ রুস্তম আলী ও এএসআই মোঃ মকিবর রহমান সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার চংধুপইল ইউনিয়নের মিল্কিপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ হাফিজুল (৪৮) কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৭০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ৭ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে একই অভিযানের ধারাবাহিকতায় ধনঞ্জয়পাড়া এলাকার মোঃ আহসান শামীম (৩৮) এর নিকট থেকে ১৪৪ পিস ইয়াবা এবং বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার মোঃ রেন্টু মোল্লা (৩০) এর হেফাজত থেকে আরও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত সর্বমোট ৩২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ ফিরে আসছে।