শার্শায় উলাশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০২:২৫ পিএম
শার্শায় উলাশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলাশী খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আল, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এর আগে সকাল ১০টার দিকে উড়োজাহাজে যশোর যান তিনি। যশোর বিমানবন্দর থেকে নেমে দলীয় নেতা-কর্মীদের অভিবাদন গ্রহণ করেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এরপর তিনি তার নির্ধারিত বাসে যশোরের শার্শা উপজেলার উদ্দেশে রওনা দেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশে হাজার হাজার নেতা, কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে অবস্থান নেন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতারা তার সফরসূচি সফল করতে এরইমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এছাড়া বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

আপনার জেলার সংবাদ পড়তে