বোরোর বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষক

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:৩৯ পিএম
বোরোর বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষক

পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। কষ্টে অর্জিত সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষিশ্রমিক,কৃষক আর কিষাণি। ধানের বাম্পার ফলন হলেও তৃষকের কপালে দুশ্চিন্তার রেখা। বৈরি আবহাওয়ার আশঙ্কায় দিন কাটছে তাদের। গত দুইদিন এই অঞ্চলে মেঘের গর্জন আর বৃষ্টি ভাবিয়ে তুলেছে তাদের। একইসাথে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় ও জ্বালানি তেলের সংকটে চাপে রয়েছেন এ অঞ্চলের কৃষকেরা।  চলতি মৌসুমে চাটমোহর উপজেলাতে বোরো ধানের আবাদ হয়েছে ৯ হাজার ২১৫ হেক্টর জমিতে। ইতোমধ্যে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষক ভালো ফলনের সুফল পাবেন।  চলনবিল অঞ্চল ঘুরে দেখা গেছে,বোরো ধান কাটা ও মাড়াই কাজ চলছে। চাটমোহর উপজেলার ডিকশি বিলে ধান কাটতে আসা কৃষক সোলেমান আলী বলেন,‘ধানের ভালো ফলন হয়েছে,তবে ঝড় আর শিলাবৃষ্টির আশঙ্কায় দিন কাটছে।” আরেক কৃষক আকতার হোসেন বললেন,‘এ বছর ধানের আবাদে খরচ বেশি হয়েছে। এক সপ্তাহের মধ্যে পুরোদমে থান কাটা ও মাড়াই শুরু হবে। এখন আবহাওয়া ভালো থাকা দরকার’। কৃষকেরা জানালেন,সব জিনিসের দাম বেড়েছে,ধানের দাম বাড়লে কিছুটা স্বস্তি মিলতো। কারণ এবারে বোরো আবাদে খরচ বেশি হয়েছে। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বললেন,‘বোরো আবাদে কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে আছে। এবারও ধানের ভালো ফলন হয়েছে। প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে কৃষকেরা ভালোভাবে ধান ঘরে তুলতে পারবেন।

আপনার জেলার সংবাদ পড়তে