একই গ্রামে মসজিদ, মাজার ও প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ চুরি

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৪:০৭ পিএম
একই গ্রামে মসজিদ, মাজার ও প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ চুরি

নাটোরের লালপুরে একই রাতে একই গ্রামে মসজিদ, মাজার ও প্রবাসীর বাড়িসহ একাধিক স্থানে ধারাবাহিক দুর্র্ধষ চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংঘবদ্ধ চোরচক্র স্বর্ণালংকার, নগদ অর্থ, আসবাবপত্র ও বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। স্থানীয়দের দাবি, পৃথক ঘটনাগুলোতে প্রায় ৭ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার বুধপাড়া গ্রামে পরিকল্পিতভাবে একাধিক স্থানে চুরির ঘটনা ঘটে।

প্রবাসী মোজাম্মেল শেখ মোজামের স্ত্রী জানান, তারা বাড়িতে ছিলেন না পাশেই মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দুর্বৃত্তরা তাদের বাড়ির পাঁচটি তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, কাঁসার তৈরি আসবাবপত্র এবং নগদ প্রায় ৬ হাজার টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা। একই রাতে গ্রামের ঐতিহ্যবাহী হযরত শাহ আলম (রহ.) মাজারে চুরির ঘটনা ঘটে। মাজারের খাদেম হেজবর রহমান জানান, দুর্বৃত্তরা মাজারের ৭টি তালা ভেঙে দানবাক্সে রক্ষিত প্রায় ১০ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি মাজারসংলগ্ন মসজিদের তালা ভেঙে একটি আইপিএসের ব্যাটারিও চুরি করা হয়। এদিকে একই গ্রামের ইনতাজ খাঁর ছেলে বিপ্লব খাঁ জানান, তার বাড়ির সামনে রাখা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত ভ্যানও চুরি করে নিয়ে গেছে চোরচক্র। স্থানীয়দের ধারণা, একটি সংঘবদ্ধ ও পেশাদার চোরচক্র রাতের আঁধারে পরিকল্পিতভাবে গ্রামজুড়ে এসব চুরি সংঘটিত করেছে। ঘটনার পর থেকে গ্রামবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে সোমবার (২৭ এপ্রিল)  সকালে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। চুরি হওয়া মালামাল উদ্ধারে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে বলে জানা গেছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।” এ ঘটনায় দ্রুত চোরদের গ্রেফতার ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে