ডিমলা নাউতারা নদীর বালু উত্তোলন, পাড় ভাঙনের ঝুঁকি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৪:৩২ পিএম
ডিমলা নাউতারা নদীর বালু উত্তোলন, পাড় ভাঙনের ঝুঁকি

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদী থেকে একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীর তীরবর্তী এলাকাগুলোতে পাড় ভাঙন তীব্র আকার ধারণ করবে এবং বন্যার আশঙ্কা দেখা দিবে এমন ধারণা করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এসব বালু ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে আসছে একটি সংঘবদ্ধ চক্র। নাউতারা নদীর তীরবর্তী গ্রামের বাসিন্দারা জানান, অবাধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হচ্ছে। এতে নদীর পাড় দুর্বল হয়ে পড়ছে এবং ইতোমধ্যে কয়েকটি স্থানে ভাঙন শুরু হয়েছে। কৃষিজমি ও বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দা লাজু হোসেন বলেন,আগে নদী অনেক দূরে ছিল,এখন ধীরে ধীরে আমাদের বাড়ির দিকে চলে আসছে। এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে বড় ধরনের বন্যা হতে পারে। এ বিষয়ে পরিবেশবিদরা সতর্ক করে বলেন, অনিয়ন্ত্রিত বালু উত্তোলন নদীর পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে নদীর তলদেশ গভীর হয়ে যায় এবং পাড় ভেঙে পড়ার ঝুঁকি বাড়ে, যা শেষ পর্যন্ত বন্যার কারণ হতে পারে।  ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে, স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে নদীভাঙন রোধ করে সম্ভাব্য বন্যা থেকে এলাকাবাসীকে রক্ষা করা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে