অভয়নগরে ইঞ্জিন চালিত নাটাই উল্টে চালকের মৃত্যু

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৬:০২ পিএম
অভয়নগরে ইঞ্জিন চালিত নাটাই উল্টে চালকের মৃত্যু

যশোরের অভয়নগরে স্যালো ইঞ্জিন চালিত মাটি টানার একটি নাটাই (গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামে আজিজুরের বাড়ির সামনে নওয়াপাড়া-চলিশিয়া সড়কে বাগদাহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাটাই চালক রিপন মোল্যা (৩২) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার মালিআট ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত নজরুল মোল্যার ছেলে। অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমেশপুর গ্রামে মুজিবর রহমানের বাড়ীর ভাড়াটিয়া ছিলেন তিনি।  নিহতের সহকর্মী সজল হোসেন জানান, দুপুর সাড়ে ১১ টার দিকে মাটি নিয়ে আসার জন্য নাটাই গাড়ি নিয়ে নওয়াপাড়া থেকে বাগদাহ দিকে যাচ্ছিলেন চালক রিপন মোল্যা। বাগদাহ গ্রামের আজিজুরের বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় ট্রলি। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ইউনুস খান বলেন, ১১টা ৫৫ সময় রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বুকে ও মাথায় গুরুতর আঘাতের কারণেই সম্ভবত তার মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত অভয়নগর থানার সাব ইন্সপেক্টর (এসআই) বিনয় কৃষ্ণ পাল বলেন, নিজ ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। নিহতের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আপনার জেলার সংবাদ পড়তে