নীলফামারীর সৈয়দপুরে একটি মসজিদের জন্য দান করা জমি নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে। প্রায় ২২ বছর আগে ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্দেশ্যে দান করা জমি এখন ফেরত চাইছেন দানকারী ব্যক্তি, যা ঘিরে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এটি ঘটেছে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল নিজবাড়ী বায়তুল মামুর জামে মসজিদে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন জানান, ২০০৪ সালের দিকে এলাকার আনসার আলী নামে এক ব্যক্তি ধর্মীয় অনুপ্রেরণায় স্বেচ্ছায় দুই শতক জমি মসজিদের জন্য দান করেন। সেই জমির ওপর পরবর্তীতে মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়। ইতিমধ্যে ভিত্তি দিয়ে বাউন্ডারি ওয়াল সম্পন্ন করা হয়। কিন্তু ২৭ এপ্রিল মসজিদের দেয়াল ভেঙ্গে ফেলেন জমিদাতা আনসার আলী,তার পরিবারের সদস্য রশিদুুল ইসলাম,মশিয়ার রহমান, মোতালেব হোসেনসহ কয়েকজন। এতে করে মুসল্লীর মধ্যে সৃষ্ঠি হয়েছে ক্ষোভের। পরে বিষয়টি থানায় অবহিত করা হলে ঘটনা স্থল পরিদর্শন করেন থানা পুলিশ। এ নিয়ে গ্রাম্য শালিস বসলেও কোন সমাধান হয়নি।
তবে সম্প্রতি দানকারী ব্যক্তি দাবি করেন, ব্যক্তিগত প্রয়োজনের কারণে তিনি ওই জমি ফেরত চান। তার এমন দাবিতে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। তাদের অভিযোগ, একবার ওয়াকফ বা দান করা সম্পত্তি ব্যক্তিগতভাবে ফেরত চাওয়া অনৈতিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য নয়।
এলাকার একাধিক বাসিন্দা জানান,এই জমির ওপর আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখন হঠাৎ করে জমি ফেরত চাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবা হচ্ছে।
অন্যদিকে, দানকারী ব্যক্তির বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে জমি ফেরত চাওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।