ক্ষেতলালে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৩:৪৭ পিএম
ক্ষেতলালে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসিবুর রহমান সরদার (৩৮) নামে সাবেক এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ সহকারী পরিচালক মো. ফাহাদুজ্জামান আকন্দ।

গ্রেপ্তার হাসিবুর রহমান সরদার ক্ষেতলাল উপজেলার বুড়াইল সরদার পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ এপ্রিল  জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ডালিম ফিলিং স্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেছে। মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় চার বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। এই সুযোগে অভিযুক্ত হাসিবুর রহমান দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে একাধিকবার গ্রাম্য সালিশও বসে। সেখানে অভিযুক্ত ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করলেও বাস্তবে তা মানেননি।

গত ১৭ এপ্রিল বিকেলে মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ি ফেরার পর নির্জন অবস্থায় ওই নারীর বাড়িতে প্রবেশ করে হাসিবুর রহমান। এক পর্যায়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী নারী ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি দল অভিযানে নামে। টানা নজরদারি ও গোয়েন্দা তৎপরতার পর অবশেষে তাকে গ্রেপ্তার করে।

জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ সহকারী পরিচালক মো. ফাহাদুজ্জামান আকন্দ জানান, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুক্তারুল আলম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে