নোয়াখালীতে গুলি ও কুপিয়ে জখম, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:০৬ পিএম
নোয়াখালীতে গুলি ও কুপিয়ে জখম, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জে রাজনৈতিক উত্তেজনার মধ্যে হামলায় যুবদলের এক নেতা গুলিবিদ্ধ এবং বিএনপির এক নেতা কুপিয়ে জখম হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাতে ছয়ানী ইউনিয়নের জনকল্যাণ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে বিএনপি জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে জামায়াত।

গুলিবিদ্ধ সাইফুল ইসলাম শাকিল, স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি, গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহত ইউনিয়ন বিএনপির সহসভাপতি এম আলাউদ্দিন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, আগের বিরোধের জেরে হামলার সূত্রপাত হয়ে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্য অনুযায়ী, কৃষক দলের একটি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার শুরু। মাগরিবের পর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা ছয়ানী বাজারে যাচ্ছিলেন। অভিযোগ, তখন জনকল্যাণ এলাকায় প্রথম দফা হামলা হয়। পরে কর্মসূচি শেষে ফেরার পথে রাত ৯টার দিকে আবারও ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন শাকিল।

আহত আলাউদ্দিনের দাবি, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, স্থানীয় জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী এ হামলায় জড়িত।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহরিয়ার জানান, “শাকিলের বুকের বাম পাশে গুলি বিদ্ধ হয়ে ফুসফুসে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, আহতরা হামলার পেছনে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। জড়িতদের বিচারের দাবি করেন তিনি।

তবে অভিযোগ সরাসরি নাকচ করেছে জামায়াত। বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. জাকের হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। এটি আমাদের বিরুদ্ধে অপপ্রচার।” তিনি ঘটনাটিকে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল বলেও দাবি করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান বলেন, ঘটনার পেছনে পূর্ব বিরোধের তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। একই ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান সামনে আসায় তদন্তের দিকেই এখন নজর সবার।

আপনার জেলার সংবাদ পড়তে